জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ। সংগঠনের প্রচার সম্পাদক সাদিয়া আফরোজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৬ মার্চ) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির প্রথম দিন শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টায় ধানমণ্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৭টায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একই দিন সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির জাতীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের নেতারা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। একই সঙ্গে তারা সেখানে আয়োজিত মিলাদ, দোয়া মাহফিল ও শিশু সমাবেশে অংশগ্রহণ করবেন।
এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৮ মার্চ) বিকেল ৪টায় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর বিভিন্ন এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হবে।


